আজ্জেদিন ঔনাহির জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। রাউন্ড অব সিক্সটিনে কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার দলটি। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন সৌফিয়ান রাহিমি। ২০২২ সালের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল মরক্কো। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয় কানাডা। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য ছিল সহ-স্বাগতিকদের। তবে মরক্কোর শক্তিশালী ফুটবলের সামনে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে কানাডাকে।
ম্যাচের শুরুতে মরক্কোকে বেশ চাপে রাখে কানাডা। ১০ মিনিটে দারুণ এক সেভ করে দলকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনু। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও, সুযোগ বেশি তৈরি করে কানাডা। মরক্কো চারটি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। অন্যদিকে কানাডার দুটি শটই ছিল লক্ষ্যে। তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র।
৫০তম মিনিটে ডান প্রান্ত থেকে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি-কিক সরাসরি শট না হয়ে পৌঁছে যায় বক্সের কাছে থাকা আজ্জেদিন ঔনাহির কাছে। নিচু শটে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
গোল শোধ করতে মরিয়া হয়ে একসঙ্গে অনেক খেলোয়াড়কে আক্রমণে তোলে কানাডা। আর সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। ৮২তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। ব্রাহিম দিয়াজের বাড়িয়ে দেয়া বলে কোনো ভুল করেননি ঔনাহি। জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।
ম্যাচে ফেরার শেষ চেষ্টাও সফল হয়নি কানাডার। ইনজুরি সময়ে আরও একটি গোল হজম করে দলটি। সৌফিয়ান রাহিমি গোল করে মরক্কোর ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আশরাফ হাকিমির দল। ২০২২ সালের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ আটে খেলবে মরক্কো।