কক্সবাজারের টেকনাফ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে নৌবাহিনী।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক বার্তায় নৌবাহিনীর পক্ষ থকে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অভিযান ও টহল চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার ভোররাতে টেকনাফে নাজিরপাড়ায় এলাকায় টেকনাফে মোতায়েনরত নৌবাহিনীর কন্টিনজেন্ট একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান জানতে পেরে অভিযান চালায়। অভিযানে নৌ কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্স (সোয়াডস্) রাতের অন্ধকারে ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।
“গ্রেফতার সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘর তল্লাাশি করে ০২টি বিদেশি পিস্তল, পিস্তলের ০৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ০২ রাউন্ড তাজা গোলা এবং ০১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। শীর্ষ সন্ত্রাসী শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও জোর পূবর্ক জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।”
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ০৮টি জেলার অর্র্ন্তভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।