কক্সবাজার জেলা শহরে মাদক, ছিনতাই ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। জেলা সদর মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ শহরের শীর্ষ অপরাধী মোহাম্মদ আমির ফায়সাল আক্তার ও তার মূল সহযোগী মো. জাহিদ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৮ জুন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকার আমির ফয়সালের আস্তানায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ১ নম্বর আসামী মোহাম্মদ আমির ফায়সাল আক্তার (৩৮) আলীর জাহাল এলাকার বাসিন্দা এবং ২ নম্বর আসামী মো. জাহিদ হোসেন (২০) লারপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশি সূত্রে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক মাদক সিন্ডিকেট ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীর জাহাল এলাকার ওই বাড়িতে বড় কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে একদল অস্ত্রধারী অবস্থান করছে- এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল সেখানে অবস্থান নেয়।
পরে ওসির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে আমির ফায়সালের বাড়িতে অতর্কিতে প্রবেশ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমির ফায়সাল ও জাহিদ হোসেনকে শক্ত হাতে গ্রেফতার করে পুলিশ।
পরে তাদের দেওয়া তথ্যমতে ঘরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২টি দেশীয় বন্দুক (এলজি), ৩টি ধারালো ছুরি, ১০৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকা, ২টি রেজিস্ট্রেশন বা নাম্বারবিহীন মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
শহরের কেন্দ্রবিন্দুতে দিনের আলোতে অস্ত্র, ইয়াবা ও মোটরসাইকেলসহ এই অপরাধী চক্র ধরা পড়ার ঘটনায় পুরো আলীর জাহাল ও কক্সবাজার পৌর এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধ দমনে পুলিশের এই কঠোর ও জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।