স্টাফ রিপোর্টার, টেকনাফ
টেকনাফে দু'টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১জন শিক্ষককে শোকজ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে গিয়ে দেখতে পান দুটি বিদ্যালয়ে তালা ঝুলছে। এরপর ওই বিদ্যালয়ের ১১জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কমকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ। বিদ্যালয় দুটি হলো-টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাতুরি খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দুইটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ ও নাসিমা আক্তার।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় সরেজমিন পরিদর্শনে গেলে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও কোনো শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি এবং সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ ছিল।
যা সরকারি বিধি ভঙের শামিল। কর্তব্যকর্মে অবহেলার কারণে কেন আপনার এবং আপনার অধীনস্থ শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ গ্রহণ করা হবে না তার কারণ আগামী তিন কার্য দিবস মধ্যে জবাব দিতে বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘দুইটি বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে, জবাব যুক্তিযুক্তভাবে না দিতে পারলে তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, ‘অনেক সময় শিক্ষকেরা নিয়ম না মেনে বিদ্যালয়ে আসা-যাওয়া করেন এবং দুপুরের পর ছুটি দিয়ে চলে যান-এমন অভিযোগ রয়েছে। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছেন। ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখন থেকে সবাই নিয়ম মেনে চলবে।’