কক্সবাজারের রামুর ঈদগড়ে ধানক্ষেতের টংঘর থেকে অপহ্নত দুই কৃষককে দেড় লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
সোমবার (৯ মার্চ) ভোর ৫ টার দিকে ঈদগড় ধুমছাকাটা এলাকার ধানক্ষেতের টংঘরে থেকে দুই কৃষককে অপহরণ করেছিল অপহরণকারীরা। একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালা এলাকায় মুক্তিপণ নিয়ে দুই কৃষককে ছেড়ে দেয় অপহরণকারীরা।
এ তথ্যটি নিশ্চিত করেছেন অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়া মাহমদুল হক ও ছৈয়দ কাছিম।
অপহ্নতরা হলেন: ঈদগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধুমছাকাটা গ্রামের মরহুম ফেরদাউস মিয়াজীর পুত্র মাহমদুল হক (৪৭) ও একই গ্রামের সোলতান আহাম্মদের পুত্র ছৈয়দ কাছিম (৪২)।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া জানান, দুই কৃষক অপহরণের খবর পেয়ে উদ্ধারের জন্য পুলিশ গহীন জঙ্গলে অভিযান চালিয়েছে। তিনি বলেন, অপহরনকারী ধরতে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে চিহ্নিত সন্ত্রাসী ও অপহরণকারীদের গ্রেপ্তার করে ঈদগড়কে সন্ত্রাসমুক্ত রাখার দাবী জানিয়েছেন এলাকাবাসী।