কক্সবাজারে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাংলা বাজার এলাকায় আল শিফা ডায়াগনস্টিক সেন্টারকে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সেবা বিক্রয় করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অপরাধে ২০ হাজার এবং এ বি চৌধুরী ট্রেডার্স-এ পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর ) দুপুরে সদর উপজেলা বাংলা বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসা-আল-মারুফ।
তিনি জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বাংলাবাজার এলাকায় আল শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং এ বি চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ ২২ হাজার জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, আল শিফা ডায়াগনস্টিক সেন্টার মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সেবা বিক্রয় করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় তাঁদের এ জরিমানা করা হয় এবং তাঁদেরকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে এ বি চৌধুরী ট্রেডার্স-এ পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মুরগির দোকান, মাংসের দোকান, মুদি দোকান ইত্যাদি তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন। এর আগের দিন মঙ্গলবার বাহারছড়া ও ঝাউতলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।