সদর উপজেলার লিংক রোড, টার্মিনাল ও কলাতলি এলাকায় অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ( ১৯ আগস্ট ) বিকেল ৩টায় সময় এ অভিযান পরিচালনা করে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ নারিকেল তেল, কোমল পানীয়, চিপস ইত্যাদি বিক্রির অপরাধে লিংক রোড এলাকার ফয়সাল স্টোরকে ৫ হাজার ও কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে একই সাথে সংরক্ষণ করার অপরাধে কলাতলী নিউ ডলফিন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মিস্টির দোকান, ফলের দোকান, ফার্মেসী তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে বলে তিনি জানান।
এর আগে ১২ আগস্ট অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নাঘরে প্রচুর তেলাপোকা পাওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হোটেল জামান রেস্টুরেন্ট ও কাবাব হাউসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।