টেকনাফে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফনদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন টেকনাফ।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফনদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় কোস্টগার্ড। নাফনদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন নাফ নদী থেকে বোটটি ধরতে করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বোটে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা আবদুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) ও মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, মাদকের বিস্তার রোধ এবং পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।