কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পাওয়া যায়। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। দুপুর আনুমানিক আড়াইটার দিকে কয়েকটি মাছ ধরার নৌকা তীরে ফেরার সময় বিজিবি সদস্যরা গতিবিধি পর্যবেক্ষণ করেন। এ সময় একটি হস্তচালিত কাঠের নৌকাসহ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পাশের কেওড়া বাগানে প্রায় চার ঘণ্টা চিরুনি অভিযান চালায় বিজিবি। একপর্যায়ে কাদামাটির প্রায় আড়াই ফুট গভীরে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন টেকনাফ পৌরসভা উত্তর চৌধুরী পাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. আয়াছ (৩০) ও মো. রফিক (২৫)।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা নৌকাসহ আটক দুই ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মাদক পাচারকারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক, বিজিবির গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা ও সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে। মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।