কক্সবাজারের টেকনাফ সীমান্তে পাচারকালে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কারাইঙ্গাঘোনা সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটকরা হল- মোঃ রাশেদ (২০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার মো. হাফেজ আহমেদ ও মো. আব্দুল্লাহ (২২) উখিয়ার বালুখাল ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী জোহরের ছেলে।
লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, শুক্রবার ভোররাতে টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের কারাইঙ্গাঘোনা সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুইজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকগুলো বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
“ পরে আটকদের সাথে থাকা তিনটি বড় পোটলা জব্দ করা হয়। পোটলাগুলো খুলে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।