কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৯ হাজার ৩০০ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। এসময় পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্যটি জানিয়েছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় মেরিন ড্রাইভে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার উখিয়ার রেজুখাল চেকপোষ্টে থামানো হয়। আর বিজিবি ডগের নৈপুন্যেতায় প্রাইভেটকার তল্লাশী কওে গাড়ির চাকার ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৭৫ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদকপাচারে ব্যবহৃত প্রাইভেট, ১টি মোবাইল জব্দ করাসহ আব্দুল হক (৪৬) কে আটক করা হয়। সে টেকনাফের নাইক্ষ্যংপাড়ার এলাকার আ: সালামের ছেলে।
অপরদিকে দুপুরে উখিয়ার রেজুখালের বিজিবির একই চেকপোষ্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে থাকা মিলন মাহমুদ সজিব (২৭) কে পেটের ভেতর ইয়াবা আছে সন্দেহজনক আটক করা হয়। জিজ্ঞাসাবদে অস্বীকার করলে তাকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে করলে ইয়াবা পরিলক্ষিত হয়। পরে তার পায়ুপথের মাধ্যমে ৩ হাজার ৫০০ ইয়াবা জব্দ করা হয়।
শনিবার দুপুরে বিজিবির আরেকটি অভিযানে সীমান্ত পিলার ৪২ হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জামিরতলি নামক স্থানে পাহাড়ির বাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ হাজার ইয়াবা ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”