মাদকদ্রব্য পাচার ও অপরাধ দমনে এসআরবি-১৫ (সদর কোম্পানি ও সিপিএসসি), কক্সবাজারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে রামুর ফতেখারকুল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সর্বমোট ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা এবং অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ ২ জন শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গত ২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় এসআরবি-১৫, কক্সবাজারের একটি চৌকস যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানাধীন ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা, ১টি সিএনজি অটোরিক্সা এবং ২টি মোবাইল ফোনসহ মাদক কারবারি মো: শফি আলমকে (৪২) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মো: শফি আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলী ও মৃত গুলবাহার দম্পতির সন্তান।
একই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর বিকেল পৌনে ৩টায় রামুর ৩নং ওয়ার্ডস্থ ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় অপর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, ১টি সিএনজি অটোরিক্সা এবং ১টি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মো. ইউনুছ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মো: শফি আলম ও আরেফা বেগম দম্পতির সন্তান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।