কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের ধানের শীষের প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা মাতারবাড়িতে আয়োজিত এ জনসভা নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া ফেলেছে। সকাল থেকেই মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে মিছিল সহকারে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে জড়ো হতে থাকেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও অবস্থান নেন আগত জনতা। ধানের শীষের ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো মাতারবাড়ী এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভা প্রাঙ্গণ।
উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ততা ও বিপুল অংশগ্রহণ এলাকাবাসীর পরিবর্তনের আকাঙ্ক্ষা ও ধানের শীষের প্রতি তাদের আস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে ধানের শীষের প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “মহেশখালী-কুতুবদিয়ার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে মানুষ আর অন্যায়, অনিয়ম ও দুঃশাসন মেনে নিতে প্রস্তুত নয়।” তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই ধানের শীষের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মহেশখালী ও কুতুবদিয়ার অবকাঠামোগত উন্নয়ন, মাতারবাড়ী কেন্দ্রিক শিল্পাঞ্চলের সুফল স্থানীয় জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
বক্তব্যে তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং ভোটারদের উদ্দেশে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, কক্সবাজার-২ আসনে ধানের শীষের প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ একজন জনবান্ধব, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। বক্তারা জনসভায় জনতার বিপুল উপস্থিতিকে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, নারী সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা শেষ হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাতারবাড়ীর এই বিশাল জনসভা কক্সবাজার-২ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থনের শক্ত অবস্থান স্পষ্ট করেছে এবং নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে।