যেকোন প্রশিক্ষণ পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা সেবার মানকে অনেক বৃদ্ধি করে। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন সহায়ক কর্মচারীদের ৩ দিন ব্যাপী ইন-সার্ভিস প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে একথা বলেন।
কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৬ জুন) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরনী অনুষ্ঠানে জেলা জজ আরো বলেন, সহায়ক কর্মচারীরা বিচারপ্রার্থীদের সাথে সরাসরি সেতুবন্ধন হিসাবে কাজ করে। এজন্য বিচার বিভাগের সুনাম রক্ষায় সকলকে পেশাদারিত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কোর্সে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম গিয়াস উদ্দিন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।সনদ বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আজম বলেন, বিচার বিভাগের প্রতি বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই সহায়ক কর্মচারীদের দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। যাতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরো বৃদ্ধি পায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নূরী, একই আদালতের স্টেনো নেছারুল হক, প্রধান তুলনা সহকারী মো: গোলাম সরওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।