ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
রোববার (১২ জুলাই) থেকে এই রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় রেলপথ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণের ফলে সৃষ্ট পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ প্লাবিত হয়। এতে রেললাইনটি ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্থগিত রাখা হয়।
সম্প্রতি ওই এলাকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এরপর ১২ জুলাই বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।
এখন থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম এবং কক্সবাজার-ঢাকা রুটের অন্যান্য সব ট্রেন পূর্বের ন্যায় নিয়মিত চলাচল করবে বলে জানায় রেলপথ মন্ত্রণালয়।