কক্সবাজারের খুরুশকূলে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে চলছে ঐতিহ্যবাহী রাস উৎসব। উৎসবের তৃতীয় দিনে বিভিন্ন বয়সী হাজারো মানুষের সমাগমে মুখর হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে আসা ভক্ত, দর্শনার্থী ও পুণ্যার্থীদের পদচারণায় উৎসবস্থলে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত পরিবেশ।
উৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা প্রদর্শনী। বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মা কালীর প্রতিমা, শ্রীকৃষ্ণ-রাধার রাসলীলা এবং পৌরাণিক বিভিন্ন কাহিনিনির্ভর দৃষ্টিনন্দন প্রতিমা ও দৃশ্যপট। প্রতিটি আয়োজনেই ফুটে উঠেছে সনাতন ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পৌরাণিক আখ্যানের নানা দিক।
তৃতীয় দিনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাস উৎসব পরিণত হয়েছে মিলনমেলায়।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে এ উৎসব সবার মধ্যে সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।
খুরুশকুলের এই ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
গত ২২ নভেম্বর রবিবার রাতে মন্দির প্রাঙ্গণে মহতী ধর্মসভার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক ছিলেন লামা শ্রীশ্রী জগন্নাথ ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী জগন্নাথনন্দ পুরী মহারাজ।
পরদিন ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয় অধিবাস। এরপর ২৪ নভেম্বর মঙ্গলবার শুরু হয় অহোরাত্র মহানামযজ্ঞ। আজ ২৫ নভেম্বর বুধবারও দিনব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান চলবে। আগামীকাল বৃহস্পতিবার ভোরে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।
রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
সন্ধ্যার পর থেকে উৎসবস্থলে বাড়তে থাকে মানুষের সমাগম। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, মহানামযজ্ঞ ও ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ।
রাস উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল (নাজির) এবং সাধারণ সম্পাদক পিকলুময় পাল উৎসব সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়দের মতে, খুরুশকুলের এ ঐতিহ্যবাহী রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং এটি সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ মিলনমেলা।