কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হেলাল উদ্দীনের ৩০ ঘন্টার পরও সন্ধান মিলেনি; তবে লাইফ গার্ড ও বিচকর্মিদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মিরাও সাগরের সম্ভাব্য বিভিন্ন পয়েন্ট সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছেন।
শনিবার (২৫ জুলাই) রাতে এ তথ্য জানান, জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মিদের সুপারভাইজার মাহাবুব আলম।
নিখোঁজ মোহাম্মদ হেলাল উদ্দীন (৫২) মেহেরপুর জেলার সদর উপজেলা পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা মৃত আনোয়ার শেখ এর ছেলে।
ঘটনায় জীবিত উদ্ধার হয়েছিল নিখোঁজের ছেলে মোহাম্মদ নিলয় ওরফে দ্বীপ (২২)।
ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাতে মাহাবুব আলম বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কলাতলী পয়েন্টে সায়মন বিচ রিসোর্টের দক্ষিণে মর্ডান হ্যাচারি সংলগ্ন সাগরে ছেলে ও নিকটাত্মীয় তরুণকে নিয়ে গোসলে নামেন হেলাল উদ্দীন। গোসলের এক পর্যায়ে ভাটার তীব্র স্রোতের টানে হেলাল উদ্দীন ও তার ছেলে ভেসে যেতে থাকেন। এসময় ঘটনাস্থলে থাকা অপর যুবকটির শোর চিৎকার শোনে স্থানীয় লাইফ গার্ড কর্মিদের খবর দেয়। খবরটি শোনার পরপরই লাইফ গার্ড ও বিচকর্মিরা ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও তার বাবা নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
মাহাবুব আলম বলেন, শুক্রবার নিখোঁজ হওয়া পর্যটককে উদ্ধারে আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে নাজিরারটেক পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছি।
তিনি বলেন, গত রাত থেকে শুরু করে শনিবার সারাদিন উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। নাজিরারটেক, ইনানী, কলাতলী, মহেশখালী, সোনাদিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় আমাদের উদ্ধারকর্মীরা অবস্থান করছেন। কোথাও ভাসমান অবস্থায় জীবিত বা মৃত কোনো ব্যক্তিকে দেখতে পেলে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোকেও সতর্ক করা হয়েছে। তাদের বলা হয়েছে, ভাসমান অবস্থায় কোনো ব্যক্তিকে দেখতে পেলে দ্রুত পানি থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসতে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে।
মাহাবুব আলম আরও বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধার না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে ঘটনায় মুমূর্ষাবস্থায় জীবিত উদ্ধার নিলয় চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ছেড়েছেন। তিনিও লাইফ গার্ড কর্মি এবং বিচ কর্মিদের সঙ্গে রয়েছেন।
সি সেফ লাইফ গার্ড সংস্থার সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, “পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, লাইফ গার্ড ও বিচকর্মিদের যৌথভাবে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো সন্ধান মিলেনি নিখোঁজ পর্যটক হেলাল উদ্দীনের। তবে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।”