কক্সবাজারের প্রবীণ আইনজীবী, বিশিষ্ট আইনজ্ঞ, ‘কক্সবাজারের ইতিহাস’ গ্রন্থের লেখক, গবেষক এবং কক্সবাজার আইন কলেজের প্রাক্তন অবৈতনিক শিক্ষক, সাবেক পিপি, অধ্যাপক নুর আহমদ অ্যাডভোকেটের প্রথম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট বুধবার। ২০২৫ সালের এই দিনে ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন জোহরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হকের ইমামতিতে অনুষ্ঠিত বিশাল নামাজে জানাজা শেষে তাঁকে শহরের টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে "অ্যাডভোকেট নুর আহমদ স্মৃতি সংসদ" এর উদ্যোগে বুধবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, খতমে কোরআন, দোয়া মাহফিল, মরহুমের কবর জেয়ারত, এতিমদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন ইত্যাদি। অনুষ্ঠানমালায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য "অ্যাডভোকেট নুর আহমদ স্মৃতি সংসদ" পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, অ্যাডভোকেট নুর আহমদের পরিবারের পক্ষে তাঁর সন্তানত্রয় যথাক্রমে অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ পিতার মাগফেরাত কামনা করে মহান আল্লাহতায়লার অসীম রহমত, সবার কাছে দোয়া চেয়েছেন।
অ্যাডভোকেট নুর আহমদ ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএ অনার্স এবং ১৯৬৬ সালে এম এ পাশ করেন। ১৯৭৩ সালের ৩০ জানুয়ারি তিনি কক্সবাজার আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসেবে যোগদান করেন।
অ্যাডভোকেট নুর আহমদ ছিলেন, কক্সবাজারের অন্যতম জ্যেষ্ঠ ও প্রবীণ আইনজীবী। ছিলেন লেখক ও গবেষক। ‘কক্সবাজারের ইতিহাস’ নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। কক্সবাজার কলেজ, কক্সবাজার আইন কলেজ, ভৈরভ কলেজ সহ দেশের বিভিন্ন কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সাথে। ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।
তাঁর পৈত্রিক বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খরুলিয়া গ্রামে। তিনি স্থায়ীভাবে কক্সবাজার পৌরসভার দক্ষিণ টেকপাড়াস্থ পাহাড়তলী রোডে "পর্ণলতা" নামক বাসভবনে বসবাস করতেন।
তাঁর জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ কক্সবাজার আইনজীবী সমিতির তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, দ্বিতীয় পুত্র রিয়াজ উদ্দিন আহমদ একজন বিশিষ্ট ব্যাংকার ও তৃতীয় পুত্র ইমতিয়াজ উদ্দিন আহমদ কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক।