কক্সবাজারের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের অন্যতম প্রধান আলোকবর্তিকা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক কক্সবাজারের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ ৭ সেপ্টেম্বর।
২০২১ সালের এই দিনে ৯১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমুদ্র জনপদের সংবাদপত্রের অনন্য রূপকার।
তাঁর প্রয়াণ শুধু একটি আলোকিত জীবনের পরিসমাপ্তি ছিল না; বরং কক্সবাজারের সাংবাদিকতা, মুক্তিসংগ্রাম ও সামাজিক আন্দোলনের এক মহিমান্বিত অধ্যায়ের অবসান ঘটিয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পরও স্থানীয় সাংবাদিকতার শেকড় সন্ধান ও পেশাদারিত্বের আলোচনায় তিনি উচ্চারিত হন এক অনন্য পথপ্রদর্শক হিসেবে।
যে সময়ে কক্সবাজারে আধুনিক সংবাদপত্রের চর্চা ছিল চরম সীমাবদ্ধতায় ঘেরা, সে সময়ে সংবাদ সংগ্রহ, প্রকাশ এবং সাংবাদিকদের একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে সংগঠিত করার মতো কঠিন চ্যালেন্জ গ্রহণ করেছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি দৈনিক কক্সবাজার পত্রিকার মাধ্যমে সীমান্তঘেঁষা এই সমুদ্র উপকূলের মানুষের অধিকার, অভাব-অভিযোগ ও সম্ভাবনার কথা জাতীয় দরবারে তুলে ধরেন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় কক্সবাজার প্রেস ক্লাব, যার প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে তিনি স্থানীয় সাংবাদিকতাকে দিয়েছিলেন এক সুদৃঢ় সাংগঠনিক ভিত্তি।
মোহাম্মদ নুরুল ইসলামের কর্মময় জীবন কেবল পত্রিকার পাতাতেই সীমাবদ্ধ ছিল না। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে তাঁর ভূমিকা কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রযুক্তির সুবিধা বঞ্চিত সেই যুগে মেধা, শ্রম ও একাগ্রতা দিয়ে তিনি কক্সবাজারে দায়িত্বশীল সাংবাদিকতার যে চর্চা শুরু করেছিলেন, তা আজ একটি পূর্ণাঙ্গ শিল্পে রূপ নিয়েছে। তাঁর হাতে গড়ে ওঠা প্রেস ক্লাব ও সংবাদপত্র আজও স্থানীয় সংবাদকর্মীদের আস্থার ঠিকানা।
২০২১ সালের ৭ সেপ্টেম্বর প্রয়াণের পরদিন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঢল নেমেছিল আবালবৃদ্ধবনিতার। সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন এই কর্মবীর।
আজকের বদলে যাওয়া প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার যুগে দাঁড়িয়েও মোহাম্মদ নুরুল ইসলামের রেখে যাওয়া নীতি, সততা ও বস্তুনিষ্ঠতার আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস। ৫ম মৃত্যুবার্ষিকীতে এই দূরদর্শী সম্পাদক ও বীর মুক্তিসংগ্রামীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে দৈনিক কক্সবাজার পরিবার।