যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সাবেক সংসদ সদস্য ছালেহা খানমের প্রথম মৃত্যুবার্ষিকী। তার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয়েছে।
ছালেহা খানম ছিলেন নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের শ্রদ্ধেয়া মাতা।
১৯৪২ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজী আবদুল জলিল ছিলেন এক আদর্শবান ব্যক্তি, আর পরিবারে ১১ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান।
শিক্ষাজীবনে তিনি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬২ সালে তিনি কক্সবাজারের পোকখালীর গোমাতলীর সন্তান, সফল শিল্পপতি ও সমাজসেবক মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
দাম্পত্য জীবনের পাশাপাশি ছালেহা খানম রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তিনি চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে মনোনীত হন। তাঁর রাজনৈতিক জীবন ছিল মানবসেবায় উৎসর্গীকৃত, বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও সমাজে নারীদের সক্রিয় অংশগ্রহণে তিনি ছিলেন একজন প্রেরণাদাত্রী।
গৃহস্থালি দায়িত্বের পাশাপাশি নিরিবিলি গ্রুপের পরিচালক হিসেবে তিনি স্বামীর প্রতিষ্ঠিত ব্যবসা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তাঁর অবদান আজও সমাজে স্মরণীয় হয়ে থাকবে।
২০২৫ সালের ২৫ এপ্রিল বুধবার রাত ১০টা ২০মিনিটে ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করেন ছালেহা খানম।