কক্সবাজারের রামুতে আলোচিত বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও নিহতের স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখি-কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৬ মার্চ) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তাদের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে উখিয়া থানাধীন কোটবাজার এলাকা থেকে তাহেরা বেগম আঁখিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি তাহেরা বেগম আঁখি উখিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার থোয়াইংগাকাটা গ্রামের মোহাম্মদ মুসার মেয়ে।
র্যাব জানায়- গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত বেলাল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন। ঘটনার পর থেকেই তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি (৩২) আত্মগোপনে চলে যান। এই নৃৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
“হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাহেরা বেগম আঁখিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।”
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।