টেকনাফে অভিযান চালিয়ে দুটি জি-৩ রাইফেল, গুলি, বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের বহনকারী একটি ইজিবাইকও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। আটক ব্যক্তিরা কুতুপালং ক্যাম্পের এবং মোচনি ক্যাম্পের বাসিন্দা।
এই তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তর করা হবে। তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় অবস্থান নেয় বিজিবির। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনজনকে নিয়ে একটি ইজিবাইক লেদা বাজার অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দিলে পালানোর চেষ্টা করলে তাদের কে আটক করে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট এবং চার কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা ।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।