কক্সবাজার শহরের কলাতলীস্থ বিলাসবহুল ওশান প্যারাডাইস হোটেলের পার্কিং থেকে তিনটি অবৈধ রেসিং কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় দীর্ঘ প্রায় সাত ঘণ্টার অভিযানে এই গাড়িগুলো জব্দ করা হয়। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে শুল্ক গোয়েন্দা, কক্সবাজার কর্তৃপক্ষ পুলিশের কাছে খবর দেয় যে- ওশান প্যারাডাইস হোটেলের পার্কিংয়ে ৩টি অবৈধ রেসিং কার লুকানো অবস্থায় রয়েছে। গাড়িগুলো জব্দ করার জন্য তারা সদর মডেল থানা পুলিশের সহায়তা কামনা করেন।
শুল্ক গোয়েন্দাদের এই চাহিদার পরপরই সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এবং পরবর্তীতে এসআই সাগর দের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ ফোর্স ওই হোটেলে উপস্থিত হয়। সেখানে তারা শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষকে গাড়ি জব্দের আইনি প্রক্রিয়ায় সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
দিনব্যাপী আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওইদিন বিকেল ৪টার দিকে থানা পুলিশের কড়া নিরাপত্তায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ রেসিং কার তিনটি আনুষ্ঠানিকভাবে জব্দ করে নিজেদের কার্যালয়ে নিয়ে যায়।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে কারা এই দামি রেসিং কারগুলো কক্সবাজারে এনেছিল এবং বিলাসবহুল হোটেলের পার্কিংয়ে লুকিয়ে রেখেছিল, সে বিষয়ে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।