কক্সবাজারের লিংক রোড এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি অবৈধ গাঁজা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল হ্যান্ডসেটসহ ৩ জন সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
সোমবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিং সংলগ্ন আলম মটরসের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত চেকপোস্ট স্থাপন করে। তল্লাশিকালীন রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম দিক থেকে আসা কক্সবাজারগামী ‘স্টার লাইন এসি বাস’-এ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাসে থাকা মাদক কারবারি চক্রে সরাসরি জড়িত এক নারী ও দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী জামতলী এলাকার মফিজুর রহমান ও দিলুয়ারা বেগম দম্পতির মেয়ে রাজিয়া বেগম (২৮) এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫০)।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও মাদক সিন্ডিকেটের মূল উৎপাটনে এই আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে।