টেকনাফ পৌরসভার সাবেক নারী কাউন্সিলরের বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে এসআরবি-১৫ এর সদস্যরা। আটকদের মধ্যে একজন ওই নারী কাউন্সিলরের ভাইও রয়েছে।
শনিবার সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মাতবর মসজিদ রোড এলাকা এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটকরা হলেন, ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০) এবং তার সহযোগি মো. ছিদ্দিক (৩২) ও মোঃ ইয়াছিন (২৫)।
আটকদের মধ্যে নুরুল হুদা পৌরসভার সংরক্ষিত ১.২, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর রুবি আকতারের ভাই। অপর দুই সহযোগি রোহিঙ্গা বলে ধারণা এসআরবি’র।
সংস্থার পক্ষে জানানো হয়েছে, নুরুল হুদারা ভাই-বোন মিলে একই বাড়িতে থাকেন।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদককারবারি দিক-বিদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের দেয়া তথ্য মতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় থাকা ৯টি প্যাকেটে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোঃ ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফোনি বাটন মোবাইল এবং মোঃ ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই ৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।