কক্সবাজারের ইনানীতে তিন দিনব্যাপী ‘বিশেষ আর্ট ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ইনানীর মনোশান্তি রিসোর্টের উদ্যোগে গত ৫ আগস্ট শুরু হওয়া এই আর্ট ক্যাম্প শুক্রবার (৭ আগস্ট) শেষ হয়।
প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এই ক্যাম্পে অংশ নেন দেশের স্বনামধন্য ও তরুণ প্রজন্মের ৯ জন চিত্রশিল্পী। তারা হলেন: মোহাম্মদ ইকবাল, দুলাল চন্দ্র গাইন, আব্দুস সাত্তার তৌফিক, কামাল উদ্দিন, সুমন ওয়াহিদ, আব্দুল্লাহ আল বশির, নূর মুনজেরিন রিমঝিম, সাবরিনা জেবিন সেজুতি এবং সিরাজুম মুনিরা।
আয়োজকদের মতে, শিল্পীদের সৃজনশীল চর্চার অনুকূল পরিবেশ তৈরি, পারস্পরিক মতবিনিময় এবং সমকালীন শিল্পভাবনার আদান-প্রদানকে উৎসাহিত করতেই এই বিশেষ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। তাদের বিশ্বাস, এমন উদ্যোগ দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং কক্সবাজারের ইনানীকে শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।