উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা ও বিকেল ৩টার দিকে পৃথক দুটি স্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
ওসি আতিকুর রহমান জানান, বুধবার বিকেল তিনটার দিকে জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনখালী সমুদ্রসৈকতে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটি প্রায় ৫০০ মিটার দূরত্বে পড়ে ছিল। অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংলগ্ন মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে আরো একটি মরদেহ উদ্ধারা করা হয়।
তিনি আরও জানান, মরদেহ তিনটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে ২১ সেপ্টম্বর টেকনাফের বাহারছড়া উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাদের কেউ রয়েছেন কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।
এর আগে গত সোমবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট সংলগ্ন সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী ওই নৌকাটি ডুবে যায়। এতে এক নারী ও এক শিশু মারা যান। পরে কোস্টগার্ড ও স্থানীয় লোকজন কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় এক নারী নিখোঁজ ছিলেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে টেকনাফ থানার পুলিশ জানায়, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। পরে সাগরপথে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।