বৃষ্টিস্নাত সকাল। টেকনাফের জিরো পয়েন্টে দাঁড়িয়ে তিন তরুণ শেষবারের মতো কাঁধের ব্যাগ ঠিক করে নিলেন। সামনে প্রায় ১ হাজার ২০ কিলোমিটার পথ। কোনো মোটরসাইকেল নেই, নেই ব্যক্তিগত গাড়ি। আছে শুধু তিন জোড়া পা আর একটি বিশ্বাস—‘কালো ধোঁয়া নয়, হাঁটাতেই দূরত্ব জয়।’
শুক্রবার সকাল সাড়ে ৮টায় দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রা শুরু করেন পরিবেশপ্রেমী তরুণ ফাহিম মুনতাসির। তাঁর সঙ্গে রয়েছেন প্রণব দেবনাথ ও ফাইয়াজ ফারসিদ মুবিন। ব্যক্তিগত অর্থায়নে ২০ দিনের এই যাত্রায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা তাঁদের।
ফাহিমের কাছে এই পদযাত্রা কোনো রেকর্ড গড়ার অভিযান নয়। এটি মানুষের কাছে একটি ছোট কিন্তু জরুরি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। তাঁর বিশ্বাস, অল্প দূরত্বে হাঁটার অভ্যাস গড়ে উঠলে একদিকে যেমন মানুষ সুস্থ থাকবে, অন্যদিকে কমবে জ্বালানিনির্ভর যানবাহনের ব্যবহার। তাতে কমবে কার্বন নিঃসরণ, কিছুটা হলেও স্বস্তি পাবে প্রকৃতি।
ফাহিম বলেন, 'আমরা খুব সহজেই হাঁটার অভ্যাস হারিয়ে ফেলছি। অল্প দূরত্বেও যানবাহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অথচ নিয়মিত হাঁটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ অনেক অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরের পাশাপাশি মনও ভালো রাখে।'
ব্রাহ্মণবাড়িয়ার মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরীর বড় ছেলে ফাহিম। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বর্তমানে শিক্ষকতা করছেন। পাশাপাশি লেখালেখি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুব প্রধান এবং ‘সোনালী সকাল’-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তবে এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুধু হাঁটা নয়, পথের মানুষও। দেশের বিভিন্ন এলাকায় থেমে স্থানীয় মানুষের সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কথা বলবেন তাঁরা। কোথাও বীজ বপন করবেন, কোথাও বৃক্ষরোপণ করবেন। ছোট ছোট এসব উদ্যোগের মধ্য দিয়েই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চান।
ফাহিম বলেন, 'আমি চাই মানুষ আমাকে নয়, আমার বার্তাকে মনে রাখুক। পরিবেশ রক্ষা কোনো একদিনের কাজ নয়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন আনতে পারে। হাঁটা সেই পরিবর্তনেরই একটি সহজ শুরু।'
টেকনাফের সমুদ্রপাড় থেকে শুরু হওয়া এই পথ শেষ হবে তেঁতুলিয়ায়। কিন্তু ফাহিমের আশা, তাঁর পদচিহ্ন হয়তো আরও অনেক মানুষের মনে একটি নতুন অভ্যাসের বীজ বপন করবে—যেখানে অল্প দূরত্ব মানেই গাড়ি নয়, হাঁটা; আর কালো ধোঁয়ার বদলে থাকবে নির্মল বাতাসের স্বপ্ন।