কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির (অ্যাডহক কমিটি) পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকালে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ বিএনপি নেতা আ স ম জাহিদুল হক নাহিদ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
গতকাল দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ স ম জাহিদুল হক নাহিদ বলেন, "দ্বীপ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের অতীতের সাফল্য পুরো জেলাজুড়েই সমাদৃত।"
তিনি আরও বলেন, "স্কুলের সার্বিক উন্নতি ও শিক্ষার মান উন্নয়নে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নেতৃত্বে এই স্কুলের হারানো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা হবে।" শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আনচারুল করিমের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস শুক্কুর সিআইপি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আক্তার কামাল, নবগঠিত কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য রমিজ আহমদ, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুর রহিম, শিক্ষানুরাগী আব্দুল জব্বার, শামসুল আলম, মোহাম্মদ আলমগীর, আবু বয়ানসহ প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ায় বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অভিভাবকরা।