তৃণমূল পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন ও তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এনজিও সমূহের বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠী আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়ে জীবন মান উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া কক্সবাজার জেলায় ইপসা কর্তৃক বাস্তবায়িত প্রকল্প কার্যক্রম পরিদর্শনে উপরোক্ত মতামত প্রদান করেন।
তিনি আরও বলেন, সমাজ উন্নয়ন কার্যক্রমে নারীদের ব্যাপক অংশগ্রহণ সমাজ উন্নয়ন কার্যক্রম আরও বেশী গতিশীল হবে। এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া শনিবার (১৬ মে) কক্সবাজার জেলার রামু, চকরিয়া ও উখিয়া উপজেলায় ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র সহযোগিতায় ইপসা কর্তৃক বাস্তবায়িত “মাল্টি-সেক্টর রিকভারি এন্ড এমপাওয়ারমেন্ট সাপোর্ট ফর ক্রাইসিস এফেক্টেড কমিউনিটিস ইন কক্সবাজার” এবং রামু উপজেলার পানেরছড়া এলাকায় ইপসা এইচআরডিসি (ইপসা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার)-কক্সবাজার ক্যাম্পাস পরিদর্শন করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইপসা কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমগুলোর প্রশংসা করেন এবং আরও বেশি জনবান্ধব ও জনসংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণের জন্য আহ্বান জানান।
এখানে উল্লেখ্য যে, ইপসা ১৯৮৫ সালে প্রতিষ্ঠা লাভ করার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো’র নিবন্ধিত একটি বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা (এনজিও) হিসেবে বৃহত্তর চট্টগ্রামে এবং ২০০১ সাল থেকে কক্সবাজারে বিভিন্ন সমাজ উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি ইপসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগী সংস্থা হিসেবে বৃহত্তর চট্টগ্রামে বিভিন্ন সমাজ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক ক্ষমতায়ন কার্যক্রম এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র প্রতিষ্ঠাকাল থেকে সহযোগী সংস্থা হিসেবে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ইপসা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) এর বিশেষ পরামর্শক (Consultative) মর্যাদা প্রাপ্ত একটি স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন।
পরিদর্শনকালীন সময়ে এনজিও বিষয়ক ব্যুরো’র সিনিয়র সহকারী সচিব শরিফ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রাইজুর রহমান এবং কুদ্দুসুর রহমান, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর শেখ জাহিদুর রহমান, ইপসা’র উপপরিচালক ও রিজিওনাল হেড মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক যীশু বড়ুয়া, ইপসা কক্সবাজারের ফোকাল পারসন মোহাম্মদ হারুন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।