স্টাফ রিপোর্টার, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও থানায় দেশীয় চোলাই মদসহ আটক হওয়ার পর পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া সেই কিশোরকে রামু উপজেলার কলঘর এলাকা থেকে পুনরায় আটক করেছে পুলিশ।
২৩ অক্টোবর (শুক্রবার) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৭ লিটার দেশীয় চোলাই মদসহ ওই কিশোরকে হেফাজতে নেয় ঈদগাঁও থানা পুলিশ। আটককৃতের বয়স কম হওয়ায় শিশু আইনের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে তাকে হ্যান্ডকাফ পরানো হয়নি। তবে হেফাজতে নেওয়ার প্রায় ৭ ঘণ্টা পর শিশুটি চতুরতার সাথে সুযোগ বুঝে থানা থেকে পালিয়ে যায়।
ঘটনার পর পরই কিশোরটিকে খুঁজে বের করতে তাৎক্ষণিক অনুসন্ধানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার কলঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করতে সক্ষম হয় ঈদগাঁও থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম. সিফাতুল মাজদার জানান, রামু উপজেলার কলঘর এলাকা থেকে আটক কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু আইনের সকল বিধি-বিধান ও বিশেষ সুরক্ষা নিশ্চিত করে তার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।