কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম গয়ালমারা হেফজ খানা থেকে নেজাম উদ্দিন ইমন (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদ্রাসার ছাত্র ইমনের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে এমন অভিমত গ্রামবাসীর।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় হেফজ খানায় ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার সাব ইন্সপেক্টর কামাল উদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের বিদেশ প্রবাসী আব্দুল মালেকের ছেলে ইমন। হেফজ খানার শিক্ষক হাফেজ সেলিম ও হাফেজ আশরাফুল ইসলামের বরাত দিয়ে তদন্তকারী পুলিশ অফিসার আরো জানান, প্রতিদিন বিকেল ৫টায় খেলাধুলার জন্য হেফজ খানার শিক্ষার্থীদেরকে ছুটি দেওয়া হয়। গতকাল সবাই খেলতে বের হয়। পরে হেফজ খানায় এসে দেখতে পান ইমন গ্রিলের সাথে ঝুলে আছে।
এদিকে মা নুর ছফা বেগম ও তার বোন খবর পেয়ে দ্রুত হেফজ খানায় চলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। তাদের দাবি ছেলেকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তারা ছেলের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন অভিভাবকগণ।
উখিয়া থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে এসআই কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার ছাত্র ইমমের মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়। রাতে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া দিন বলে তিনি জানান।