কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং রামু সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব জানান, সকালে ইয়াসিন বন্ধুদের নিয়ে সমুদ্রে গোসলে নামেন। একপর্যায়ে ঢেউয়ের স্রোতে তিনি ভেসে যেতে থাকেন। তাঁর সাথে থাকা বন্ধুরা চিৎকার করলে সি সেফ লাইফগার্ড সদস্যরা দ্রুত সমুদ্র নেমে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা ইউসুফ বলেন, প্রতি শুক্রবারের মতো সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে ফুটবল খেলতে গিয়েছিলেন ইয়াসিন। খেলা শেষে সবাই সমুদ্রে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর বন্ধুদের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে দাফনের জন্য মরদেহ সাতকানিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
এর আগে, গত ২৪ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে খুলনার পর্যটক হেলাল উদ্দিন নিখোঁজ হন। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি।