মাতারবাড়ীতে সম্প্রতি প্রবল বর্ষণ ও জ্বলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে গতকাল দুপুরে জামায়াতে ইসলামী মাতারবাড়ী ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গৃহসংস্কার ও স্থায়ী পুনর্বাসনে বিলম্ব নয়, দ্রুত ব্যবস্থা চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, 'সম্প্রতি দুর্যোগে মহেশখালী-কুতুবদিয়ায় অসংখ্য বাড়ি-ঘর ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো শত-শত মানুষ গৃহহীন হয়ে বিভিন্ন বাড়ি-ঘরে দিনাতিপাত করছে।'
এ সময় তিনি মাতারবাড়ীসহ মহেশখালী-কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণেরও জোর দাবি জানান।
তিনি আরও বলেন, 'ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন। সরকারের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, সহমর্মিতাপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার পূর্বশর্ত।'
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামাতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, 'সাগরভাঙনের মতো দীর্ঘস্থায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্থায়ী সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে বছরের পর বছর ভুক্তভোগীরা অবহেলার শিকার হচ্ছেন।'
তিনি বর্তমান সরকারদলীয় সংসদ সদস্যের দায়িত্বহীনতা ও উদাসীনতার নিন্দা জানিয়ে বলেন, 'জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তিনি আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষকে দেখতে আসেননি।'
মাতারবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোছাইন, মহেশখালী উপজেলা উত্তর শাখার আমীর নজরুল ইসলাম এবং কক্সবাজার শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসান, মাতারবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ প্রমুখ। এছাড়াও উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাইরার ডেইল এলাকায় সাগরভাঙনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন ১৫২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।