ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানার দশম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সভা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই সাথে নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দু'আ মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দারুল কুরআন ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী। বিশেষ অতিথি ছিলেন মাস্টার হাকিম মিয়া, রামু মেরংলোয়া নূরানী একাডেমীর পরিচালক ও রামু লেখক ফোরামের সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, শিকলঘাট রামু ইকরা মডেল একাডেমীর নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল মান্নান। বিশেষ আলোচক ছিলেন ইকরা মডেল একাডেমীর প্রধান শিক্ষক নাঈম উদ্দিন মাহমুদ ও রামু ইসলামিক মিডিয়ার পরিচালক এরশাদুল্লাহ।
সহকারী শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক এবং যুবসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলো দিশারী যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উল্লাহ।
অনুষ্ঠানে দ্বীনি শিক্ষানুরাগী মুরুব্বী নুরুল আমিন, সমাজহিতৈষী আবু তাহের, ছফর মিয়া, হাজী বশির আহমদ, শের আলম, সমাজকর্মী তাজুল হক, মুজিবুল হক, জয়নাল আবেদীন, অভিভাবক মাওলানা ওসমান গণি, আবু হানিফা, মুহাম্মদ ফারুক, নুরুল হাকিম, মোহাম্মদ আব্দুল্লাহ, মিজানুর রহমান, মাসুদ পারভেজ রুবেল, শিক্ষক মাওলানা কামাল হোসাইন, হিফজ বিভাগের শিক্ষক আব্দুর রহমানসহ উল্লেখযোগ্যসংখ্যক অভিভাবক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অতিথি ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদিস শরিফ, জরুরি দু'আ-মাসায়িল, ইসলামী সঙ্গীত ও সুন্দর হস্তলিপিসহ শিক্ষার সার্বিক মান ও ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে সন্তোষ ও মুগ্ধতা প্রকাশ করেন।
আলোচকবৃন্দ বলেন, ইসলামী শিক্ষা-সংস্কৃতির আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তোলার একনিষ্ঠ প্রয়াসে ২০১৬ সালে প্রতিষ্ঠিত দারুল কুরআন নূরানী একাডেমী আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানিতে সফলতার সাথে এক দশক পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ। বৃহত্তর এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইলমে নবভীর সৌরভ ছড়িয়ে দেওয়ার ধারাবাহিকতায় এ দ্বীনি শিক্ষাকেন্দ্রের একাদশ বর্ষে পদার্পণ মহান আল্লাহ তা'আলার বিশেষ রহমত। আলোকিত গস্তব্যে এ অগ্রযাত্রা ও সফলতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবক ও সমাজের সচেতন মহলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার শৈশব। এ সময়েই তার চিন্তা, চেতনা, বিশ্বাস, মূল্যবোধ ও চরিত্রের ভিত্তি নির্মিত হয়। তাই শিশুশিক্ষার সূচনালগ্ন থেকেই তাকে কুরআন-সুন্নাহর আলোয় গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি ইসলামী শিক্ষার মাধ্যমেই কোমলমতি সন্তান-সন্ততিদের প্রকৃত অর্থে আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। এমনই উপলব্ধি থেকে দারুল কুরআন নূরানী একাডেমীর প্রতিষ্ঠা। আল্লাহ তা'আলার রহমতে এ দ্বীনি বাগিচা প্রতিষ্ঠার এক দশক পূর্ণ করে একাদশ বর্ষে পদার্পণ করেছে। এ শুভসন্ধিক্ষণে তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য সবার আন্তরিক দু'আ ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে উপযুক্ত বিভাগে সন্তানদের ভর্তি করিয়ে দারুল কুরআনের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে মা-বাবাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে প্রত্যেক শিশুকে সহিহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত শেখানো এবং দ্বীনের বুনিয়াদি তালিম দেওয়া অভিভাবকদের অন্যতম কর্তব্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আল্লাহ তাআলার দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।