উখিয়ায় চারটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি ৪, ৫, ১৮ ও ২০ নম্বর ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সংকট, নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন ডাচেস সোফি।
সকাল সাড়ে ১০টার দিকে ১৮ নম্বর ক্যাম্পের বি-১ ব্লকের একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শনের মধ্য দিয়ে ডাচেস সোফির ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। সেখানে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
এরপর একই ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন সোফি। সেখানে নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস’ ঘুরে দেখেন।
পরবর্তীতে বেলা ১২টার দিকে ২০ নম্বর ক্যাম্পে আইওএম ও পালর্সের উদ্যোগে পরিচালিত সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন সোফি। সেখানে কাঁচামাল মেশানো থেকে শুরু করে সাবান তৈরি, কাটা ও মান পরীক্ষার প্রক্রিয়া দেখেন তিনি। এসময় কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে কারখানার কর্মকর্তারা উৎপাদিত সাবান সংরক্ষণ এবং শরণার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা তাঁকে দেখানো হয়।
পরে তিনি উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে যান। সেখানে ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন। একই ক্যাম্পে প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও ঘুরে দেখেন।
সংশ্লিষ্ট জানান, সোফির বাংলাদেশ সফরের অন্যতম লক্ষ্য ছিল নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও শিক্ষা নিয়ে কাজ করা উদ্যোগগুলো সরেজমিনে পর্যবেক্ষন করা। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানবিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়া।
ক্যাম্প পরিদর্শনকালে ডাচেস অব এডিনবরার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া রাজপরিবারের সদস্য, ব্রিটিশ হাইকমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা, মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রমের বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী এবং নিরাপত্তা দলের সদস্যরা তাঁর সফরসঙ্গী ছিলেন।
ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন সোফি। সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন তিনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে নেয়া উদ্যোগগুলো দেখেছেন তিনি।
আরআরআরসি বলেন, এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রমের বিভিন্ন মানবিক সংস্থার উদ্যোগ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন বলেন, ডাচেস সোফির সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। এরমধ্যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএনের সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ।
প্রসঙ্গত, সোফি হেলেন রিস-জোন্স ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা উপাধি পাওয়ার পর সোফি ডাচেস অব এডিনবরা হিসেবে পরিচিতি পান। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।