কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে নৌকায় উঠতে গিয়ে পা পিছলে চ্যানেলের পানিতে পড়ে শামীম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মগনামা জেটিঘাটে এ ঘটনা ঘটে।
ডেনিশ বোট চালক আবু ছালেক জানান, শামীম তার স্ত্রী করিমাকে নিয়ে মগনামা ঘাট থেকে কুতুবদিয়ার দরবার ঘাটে যাওয়ার জন্য যাত্রীবাহী ডেনিশ বোটে উঠছিলেন। এ সময় স্ত্রী করিমা স্বামীর হাত ধরে ছিলেন। হঠাৎ পা পিছলে শামীম চ্যানেলের পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয়রা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শামীমের শ্বশুর উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়ার বাসিন্দা শাহ আলম জানান, তার অষ্টম মেয়ে করিমা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় এক বছর আগে ভোলার বাসিন্দা শামীমের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। শনিবার নতুন জামাইকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসছিলেন তারা। ঘাট পার হওয়ার সময় পানিতে পড়ে শামীম নিখোঁজ হন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ঘাট পার হওয়ার সময় চ্যানেলে পড়ে নিখোঁজ হওয়ার বিষয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো তথ্য জানানো হয়নি।