কক্সবাজারের মহেশখালীতে সরকারি নীতিমালা ও শর্ত মোতাবেক সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
বন বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সৃজিত সামাজিক বনায়নের গাছ বিক্রির লভ্যাংশের অংশ হিসেবে এই চেক বিতরণ করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে মোট ৩৬ জন প্রান্তিক উপকারভোগীর মাঝে এই চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে ৩১ জন পুরুষ এবং ৫ জন নারী উপকারভোগী রয়েছেন।
চেক হস্তান্তরকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, "সামাজিক বনায়ন কর্মসূচি একদিকে যেমন উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে প্রান্তিক মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে।"
এ সময় তিনি বনজ সম্পদ রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এবং উপকারভোগীদের প্রাপ্ত অর্থ সঠিক ও উৎপাদনশীল কাজে লাগানোর আহ্বান জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে বন বিভাগের স্থানীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের লালন-পালন করা গাছের লভ্যাংশের চেক হাতে পেয়ে উপকারভোগীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।