কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা মিয়ানমারে পালালেও তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়- উখিয়ার সীমান্তের পালংখালী ইউনিয়নের বাহারপাড়া গুইজা খাল এলাকায় শনিবার রাতে অবস্থান নেয় বিজিবি। এসময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সাথে থাকা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
“পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানায় বিজিবি।”
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।