বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং হাতির ডেরা এলাকার গহীন জঙ্গলে গাছে বাঁধা এক মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় ২৮০ নম্বর মৌজার একাশি বাগান সংলগ্ন জঙ্গল এলাকায় কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বাইশারী ইউনিয়ন পরিষদ সদস্য নুর মোহাম্মদ পুতনের বাগানে এ কঙ্কাল দেখে তারা পুলিশে খবর দেন। পরে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অপহরণ করে নির্জন স্থানে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। কঙ্কালটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা প্রায় ছয় মাস আগে ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি, পায়ের হাড়ের অংশ, এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে একটি দাঁত ব্রাশ পাওয়া গেছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুর জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করেন । কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টির রহস্য উদঘাটনে কাজ করছে।