সমুদ্রের গর্জন আর করতালির মাঝে দেশের অন্যতম নান্দনিক এক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি তিনি সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বয়সভিত্তিক এই টুর্নামেন্ট থেকেই আগামীর তারকা খুঁজছেন সংশ্লিষ্টরা, তাই শুধু একটি ফাইনাল নয়, ভবিষ্যৎ জাতীয় দলের স্বপ্নও দেখছেন ক্রিকেটপ্রেমীরা।
সোমবার (২ মার্চ) সকালে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছান প্রধান কোচ ফিল সিমন্স। চলমান এই অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারদের খুঁজে বের করাই ছিল তার মূল লক্ষ্য। ফাইনালে দুই দলের জমজমাট লড়াইয়ে তরুণ ক্রিকেটারদের টেকনিক, আত্মবিশ্বাস আর মানসিকতা তাকে মুগ্ধ করে।
তরুণদের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, 'ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুটি দলই ভালো ক্রিকেট খেলছে। তাদের আজকের পারফরম্যান্স ছিল ইতিবাচক এবং টেকনিক্যাল দিক থেকে অনেক খেলোয়াড়ই বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। তাদের এই পারফরম্যান্স দেখে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া যায়। এখান থেকেই বাংলাদেশ দলের সম্ভাবনা ও আগামীর সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।'
এদিকে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উন্নয়নের আরও সুযোগ রয়েছে বলে মনে করেন ফিল সিমন্স। বিশেষ করে মূল মাঠের প্যাভিলিয়নের কাজ দ্রুত শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্টেডিয়ামের সার্বিক অবস্থা নিয়ে প্রধান কোচ বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখে সার্বিকভাবে আমি সন্তুষ্ট। এখানকার উইকেট ভালো ছিল এবং খেলোয়াড়রা মানসম্মত ক্রিকেট উপহার দিচ্ছে। তবে এখানে ক্রিকেটের উন্নয়নে আরও কিছু কাজ করার সুযোগ রয়েছে।’
তিনি আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন হবে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিশেষ করে মূল মাঠের প্যাভিলিয়ন নির্মাণের বিষয়টি দ্রুত শেষ হবে বলে তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি মাঠ ও অন্যান্য ব্যবস্থাপনাও বেশ ভালো মানের বলে মন্তব্য করেন এই কোচ।
এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক জাতীয় দলের তারকা ও বর্তমান নির্বাচক মেহরাব হোসেন অপি, নির্বাচক আনোয়ার হোসেন, বিসিবি কাউন্সিলর সালাহউদ্দিন এবং কক্সবাজার ভেন্যু ম্যানেজার আশরাফুল আজিজ সুজন।
এদিকে জাতীয় দল আসন্ন পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে। এ ব্যাপারে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, 'বাংলাদেশ জাতীয় দল বর্তমানে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতির মধ্যপর্বে রয়েছে। আগামীকাল সন্ধ্যায় বিসিএল ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই পাকিস্তান ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলের পূর্ণাঙ্গ কার্যক্রম ও প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পাকিস্তান সিরিজে আমরা ভালো ফলাফল করার প্রত্যাশা করছি।'
সমুদ্রপাড়ের এই স্টেডিয়াম থেকেই খুঁজে নেয়া হচ্ছে ভবিষ্যতের তারকা। অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের মঞ্চ যেন হয়ে উঠছে বাংলাদেশের আগামীর স্বপ্নের কারখানা।