স্টাফ রিপোর্টার, পেকুয়া
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর কেন্দ্রে একযোগে দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা সম্পন্ন হয়। মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন এই পরীক্ষার আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কেন্দ্রভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন, মাতামুহুরীর ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় ও মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ২৫ বছর ধরে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই আয়োজন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পেকুয়া কেন্দ্রের সচিব আবুল হাশেম ও হল সুপার মোহাম্মদ ইব্রাহিম অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে দীর্ঘদিন ধরে এই মেধাবৃত্তি কার্যক্রম অব্যাহত রাখায় অভিভাবক ও শিক্ষার্থীরা আয়োজক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।