সাইফুল আফ্রিদি
পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাঁদের জন্ম, কে তাঁদের জন্মদাতা মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড় বছর বয়সে, অন্যজনকে আড়াই বছর বয়সে নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। সেখানেই বেড়ে ওঠা, সেখানেই জীবন। কিন্তু শেকড়ের টান তাঁদের বারবার ফিরিয়ে এনেছে বাংলাদেশে। পরিবারের খোঁজ করতে গিয়ে ২০১৭ সালে পরিচয় হয় সেলিনা গোমেজ ও রাজিব উদ্দিনের। এবার তাঁদের এই অনুসন্ধানের মধ্যে তৈরি হয়েছে নতুন এক সম্ভাবনা। সেলিনাকে দেখে কক্সবাজারের চকরিয়ার আবু সৈয়দের মনে হয়েছে, এই নারীই হয়তো তাঁর ৪৫ বছর আগে হারিয়ে যাওয়া বোন।
সেলিনা গোমেজের জন্ম ১৯৮০ সালে চকরিয়ার মালুমঘাটে। সেলিনা গোমেজ পেশায় একজন গায়িকা এবং বৃদ্ধাশ্রমে কাজ করেন। তবে জন্মের পর তাঁর নাম কী ছিল, তা এখনো জানা যায়নি। মাত্র দেড় বছর বয়সে এক নারী তাঁকে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ডাচ পরিবার তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। সেই পরিবারই তাঁর নাম রাখে সেলিনা গোমেজ। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা ও কর্মজীবন।
কিন্তু নিজের জন্মপরিচয় ও জন্মদাতা মা-বাবার খোঁজ কখনো থেমে থাকেনি। পুরোনো পাসপোর্টের তথ্য থেকে তিনি জানতে পারেন, তাঁর জন্ম বাংলাদেশে এবং জাতীয়তা বাংলাদেশি। তাঁর কাছে রয়েছে শৈশবের একটি সাদাকালো ছবি এবং বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। জানা আছে, তাঁর মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। এই সামান্য তথ্য নিয়েই মা-বাবার সন্ধানে এবার বাংলাদেশে এসেছেন ৪৬ বছর বয়সী সেলিনা। এর আগে দুবার বাংলাদেশে এসেছেন তিনি। সর্বশেষ গত ২৮ অক্টোবর দেশে আসার পর চকরিয়ার মালুমঘাট ও খুটাখালীসহ বিভিন্ন এলাকায় ঘুরছেন। হাতে নিজের শৈশবের ছবি, সঙ্গে পরিবারের সন্ধান চেয়ে লিফলেট। মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানতে চাইছেন, কেউ তাঁর মা-বাবাকে চেনেন কি না।
সেলিনার এই অনুসন্ধানে সহযোগিতা করছেন তাঁর ভ্রমণসহকারী মোহাম্মদ ওমর। পরিবারের সন্ধানে তিনি বিভিন্ন এলাকায় যোগাযোগ করছেন। সেলিনার খোঁজে যাঁরা এগিয়ে আসছেন, তাঁদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়েও সহযোগিতা করছেন তিনি। ওমর জানান, কোনো তথ্যের সঙ্গে মিল পাওয়া গেলে পরবর্তী সময়ে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়।
বাংলা বলতে পারেন না সেলিনা। ইংরেজিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, তিনি তাঁর মা-বাবাকে খুব মিস করেন। তাঁদের চেহারা মনে নেই, কিন্তু খুঁজে পেতে চান। নেদারল্যান্ডসে বেড়ে উঠলেও জন্মদাতা পরিবারের সঙ্গে আবারও মিলিত হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তাঁর। তিনি জানান, নেদারল্যান্ডসে নিজেকে একা অনুভব করেন।
সেলিনার এই খোঁজের গল্পের সঙ্গে জড়িয়ে আছে আরেকজনের জীবনও। তিনি নেদারল্যান্ডসের বাসিন্দা রাজিব উদ্দিন। একটি সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করেন। ১৯৭৭ সালে জন্ম নেওয়া রাজিবকে ১৯৮০ সালে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। পরে পাসপোর্টের তথ্য থেকে জানতে পারেন, তাঁর জন্ম বাংলাদেশে এবং তিনি বাংলাদেশি। এরপর থেকেই জন্মদাতা মা-বাবা ও পরিবারের সন্ধান শুরু করেন তিনি। সেই খোঁজে এবারসহ ৬ বার বাংলাদেশে এসেছেন রাজিব।
একই উদ্দেশ্যে পরিবারের সন্ধান করতে গিয়েই ২০১৭ সালে সেলিনার সঙ্গে পরিচয় হয় রাজিবের। দুজনের জীবনের গল্পে মিল খুঁজে পান তাঁরা। এরপর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের পরিবারের খোঁজ করছেন। এবারও সেলিনার সঙ্গে কক্সবাজারে এসেছেন রাজিব।
তবে সেলিনার এই অনুসন্ধান শুধু জন্মদাতা মা-বাবাকে খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর মধ্যে তৈরি হয়েছে চকরিয়ার এক পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে ফিরে পাওয়ার সম্ভাবনাও।
চকরিয়ার আবু সৈয়দের ছোটবেলায় এক বোন হারিয়ে যান। ১৯৭২ সালে জন্ম নেওয়া আবু সৈয়দের সেই বোনের নাম ছিল খাদিজা বেগম। তাঁর আরেক বোন মারা গেছেন। হারিয়ে যাওয়া বোনের সঙ্গে এরপর আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘদিন ধরে বোনের কোনো সন্ধান পাননি তিনি।
সেলিনার জন্মস্থান চকরিয়ার মালুমঘাট। আবু সৈয়দের বাড়িও একই উপজেলায়। সেলিনার চেহারার সঙ্গে নিজের হারিয়ে যাওয়া বোনের কিছুটা মিল খুঁজে পান তিনি। জন্মস্থান ও চেহারার এই মিল থেকেই তাঁর মনে হয়েছে, সেলিনা হতে পারেন সেই হারিয়ে যাওয়া বোন। সেই ধারণা থেকেই সেলিনার সঙ্গে যোগাযোগ করেন আবু সৈয়দ। পরে স্ত্রীকে নিয়ে চকরিয়া থেকে কক্সবাজারে আসেন তাঁর সঙ্গে দেখা করতে।
আবু সৈয়দ বলেন, 'সেলিনাকে আমার হারিয়ে যাওয়া বোন মনে হয়। আমার বোনের মতো লাগে। সেজন্য তার সাথে দেখা করতে এসেছি।' কথাগুলো বলছে আর তার চোখ থেকে গাল বেয়ে পানি পড়ছে।
আবু সৈয়দ তাঁকে নিজের হারিয়ে যাওয়া বোন বলে দাবি করায় অবাক হয়েছেন সেলিনাও। তবে সম্ভাবনাটিকে উড়িয়ে দিচ্ছেন না তিনি।
সেলিনা বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি। যদি তিনি আমার ভাই হন, তাহলে আমি খুব খুশি হব। সারাজীবন আমি আমার পরিবারের খোঁজ করেছি। তবে তাঁকে নিশ্চিতভাবে ভাই বলার আগে আরও কিছু তথ্য জানতে চাই।’
সম্পর্কের সত্যতা জানতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছেন সেলিনা। এ জন্য আবু সৈয়দের মুখের লালার নমুনা সংগ্রহ করেছেন তিনি। স্বাস্থ্যসেবা খাতে কাজ করার অভিজ্ঞতা থাকায় নমুনা সংগ্রহের বিষয়ে তাঁর ধারণা রয়েছে বলে জানান সেলিনা। এবার একজন চিকিৎসকের মাধ্যমে নমুনাটি পরীক্ষার ব্যবস্থা করবেন তিনি।
তবে সেলিনা ও আবু সৈয়দের মধ্যে সত্যিই ভাই-বোনের সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ডিএনএ পরীক্ষার ফলই হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে।