উখিয়ার রেজুখালে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর মেহেদী হাসান পলাশ (১৩) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের উত্তর সোনাই ছড়ি রেজুখালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নিহত পলাশ ২ নং ওয়ার্ডের ফরেষ্ট অফিস পাড়া গ্রামের ড্রাইভার আন্জু মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সাথে দুপুরের গোসল করতে পাশ্ববর্তী রেজুখালে নামে পলাশ। গোসলের এক পর্যায়ে মুহূর্তের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যায়। সহপাঠীরা স্থানীয়দের সহযোগিতায় খালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর জেলেদের মাছ ধরার জালে নিখোঁজ কিশোরের সন্ধান মিলে। তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় মেম্বার আজিজুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুদের সাথে রেজুখালে গোসল করতে গিয়ে স্কুলছাত্র পলাশের মর্মান্তিক মৃত্যু হয়।
এদিকে আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে স্কুলের সহপাঠী ও স্থানীয় গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।