তৃতীয় দিনের মতো কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া তিনি পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন।
রোববার (১২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত পরিবারের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি পাহাড়তলী ও ঝরঝরি পাড়ায় এলাকায় ঝুকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসরতের সাথে কথা বলে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করেন।
এ সময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। এমপি কাজল বলেন, “বিপদে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে, ঘরবাড়ি হারিয়েছে; এই সংকট কাটিয়ে না উঠা পর্যন্ত আমি তাঁদের পাশে থাকবো এবং প্রধানমন্ত্রীর বির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সামরাই খালের অবৈধ দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারাতে বসেছে। আমরা উদ্যেগ নিয়েছি এই খাল খনন করবো; তাহলে শহরে জলাবদ্ধতা নিরসন হবে। এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ারও আহবান জানান তিনি। ”
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপকারভোগীরা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।