কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ কামাল (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামাল আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের ছোট ভাই।
বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল উখিয়ার বালুখালী পানবাজার এলাকার ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মুসা আহম্মদের ছেলে।
নিহতের স্ত্রী জানান, জোহরের নামাজ পড়ে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে কামালকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুবের দাবি, আরএসও সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ‘উখিয়ার ফ্রেন্ডশিপ এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কামালকে গুলি করে পালিয়ে যায়। তার বুকে ও মাথায় গুলি করা হয়েছে। কে কাকে মারছে, তা বলা মুশকিল।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবারের ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। কামালকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।’
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পরপরই ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় কামালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।