উখিয়ায় মিয়ানমার থেকে পাচারের সময় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ (বিজিবি)।
আটক মো. জোনায়েত উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-সি-২, সুবলংকাটা এলাকার নুরু হোসেনের ছেলে।
এই তথ্য নিশ্চিত করেন,৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, ১৭ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ভোরে সীমান্তবর্তী পালংখালী পানির পয়েন্টের উত্তর পাশে বুলখালী হোসেন বলীর ঘের এলাকায় মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।
ওই তথ্যের ভিত্তিতে ভোর ৫ টা ২০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
এ সময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে লুঙ্গি দিয়ে প্যাঁচানো দুটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩১ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোনায়েত মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।