স্টাফ রিপোর্টার, টেকনাফ
টেকনাফে মেরিন ড্রাইভে ডাকাতির পরিকল্পনা ভণ্ডুল করেছে বিজিবি। ডাকাতির আগ মূহুর্তে বিজিবি অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ ৩ জনকে আটক করেছে। এসময় জব্দ করেছে ব্যাটারি চালিত একটি ইজিবাইক।
বুরবার ভোরে মেরিন ড্রাইভের টেকনাফ বীচ পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফস্থ বিজিবির ২ ব্যটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার রওশন আলীর ছেলে আল আমিন (১৯), একই এলাকার আব্দুল হাফেজের ছেলে রবিউল হাসান (২১) ও মহেশখালীয়াপাড়ার বশির আহমদের ছেলে নুরুল আবছার (২৬)।
এসময় উদ্ধার করা হয়েছে, ওয়ান শুটার গান ১টি, গুলি ৭ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, খেলনা পিস্তল ১টি। এসময় তাদের ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
বিজিবির ২ ব্যটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি কার্যক্রম পরিচালনার প্রস্তুতির খবরে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র, গুলি সহ ৩ জনকে আটক করা সম্ভব হয়েছে। এব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।