এক সপ্তাহ আগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের কাছে ১০ কোটি রুপি দাবি করে তাকে হত্যার হুমকি দেন অজ্ঞাত গ্যাস্টাররা। হোয়াটসঅ্যাপে ভয়েস নোটে হুমকি বার্তা পান তিনি। সম্প্রতি তদন্তে এ হুমকির নেপথ্যে কে তা খুঁজে পেয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রণবীরকে দেয়া হুমকির পেছনে কে বা কারা রয়েছেন তা জানতে তদন্তে নামে মুম্বাই পুলিশ। এক সপ্তাহের বেশি সময়ের চেষ্টায় আমেরিকার তদন্তকারী সংস্থার সহযোগিতায় হুমকিদাতার পরিচয় জানতে পারেন তদন্তকারীরা।
আরও জানা যায়, হুমকি বার্তাটি এসেছে আমেরিকার একটি ফোন নম্বর থেকে। আর ওই ফোন নম্বরটি হ্যারি বক্সার নামে একজনের। তিনি ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ।
তদন্তকারীরা বলছেন, হ্যারি বক্সারই ১০ কোটি রুপি চেয়ে খুনের হুমকি দিয়েছেন রণবীরকে। ঘটনার বিস্তারিত তথ্য জানতে তদন্ত এখনও চলমান রয়েছে।
রণবীর সিং ছাড়াও সম্প্রতি বলিউডের রোহিত শেঠি, হিমাংশি খুরানাসহ একাধিক তারকা লরেন্স বিষ্ণোই গ্যাংস্টারের ঘনিষ্ঠদের হুমকি পেয়েছেন। যে কারণে বলিউডের নিরাপত্তা জোরদার করতে দৃঢ়সংকল্প নিয়ে অপরাধীদের খুঁজতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশ।