রামু পশ্চিম রাজারকুল মারকাযুল উলুম আল-ইসলামিয়া (মহিলা) মাদ্রাসার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর হিফজুল কুরআন সমাপন ও সূচনা সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাদ মাগরিব মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সদরুল মুদাররিসীন ও শিক্ষা পরিচালক, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ।
তিনি বলেছেন, দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত নারী-পুরুষের সমন্বিত প্রয়াসেই গড়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল, আলোকিত সমাজ ও সভ্যতা। কিন্তু আমাদের সমাজে নানা প্রতিকূলতা এবং সুষ্ঠুধারার মহিলা মাদ্রাসার অপ্রতুলতার কারণে অধিকাংশ নারী দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। এ অবস্থায় রামু রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ির মিলন মোহনায় মারকাযুল উলুম আল-ইসলামিয়া (মহিলা) মাদ্রাসা প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই মাদ্রাসাটি নবভী আদর্শে উজ্জীবিত নবপ্রজন্ম ও আদর্শ সমাজ গড়ার প্রত্যয়ে সুশৃঙ্খলভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মহিলাদের জন্য বিশেষায়িত ও উন্নত সিলেবাসে পাঠদান ও চরিত্র গঠনের যে প্রয়াস প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। এতদঞ্চলের মহিলাদের মধ্যে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এলাকাবাসীসহ মুমিন-মুসলমানদের ঈমানী দায়িত্ববোধ থেকে এ মাদ্রাসার পাশে থাকা জরুরি।
এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ছাত্রীদের আবাসন ও অধ্যয়নের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আরবি, বাংলা ও ইংরেজি—তিন ভাষার সমন্বয়ে পাঠদান এবং সৃজনশীলতার চর্চার মাধ্যমে তাদের মেধা ও মননের বিকাশে মাদ্রাসাটির কর্মপ্রয়াস প্রশংসনীয়। হিফজ ও কিতাব বিভাগের সুবিন্যস্ত শিক্ষাকার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে অনেক ছাত্রী হাফেজা হয়ে সমাজে কুরআনের আলো ছড়াচ্ছে এবং অনেকে আলেমা হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সিরাজুল মোস্তফার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজারকুল আসমা ছিদ্দিকা (রা.) মাদরাসার পরিচালক মাওলানা জায়নুল আবেদীন, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, উমখালী তাজবিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুল ইসলাম রাহী, বিশিষ্ট দাঈ মাওলানা আব্দুল খালেক, আশরাফিয়া মুঈনুল উলুম মাদ্রাসার মাওলানা মোহাম্মদ সালেম, পূর্ব উমখালী স্টেশন জামে মসজিদের খতীব মাওলানা ছৈয়দ আলম, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুস সামাদ, দ্বীনি শিক্ষানুরাগী হাফেজ উসমান গণি, রাজারকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বুরহান উদ্দিন রব্বানি, সংরক্ষিত মহিলা সদস্য রেশমি সুলতানা কলি, এলাকার মুরুব্বি জমির আহমদ, ইউনুস সওদাগরসহ স্থানীয় দ্বীনদরদি ব্যক্তিবর্গ।